
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীনের দুইটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত নাজিম উদ্দীন জানান, তিনি চারটি পুকুর ভাড়া নিয়ে পাঙ্গাস, রুই, কাতলসহ বিভিন্ন দেশীয় মাছ চাষ করছিলেন। মাছগুলো বিক্রির উপযোগী হয়েছিল এবং এতে তাঁর অর্ধ কোটি টাকা খরচ হয়েছিল। সকালে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে তিনি বিষ প্রয়োগের লক্ষণ দেখতে পান।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার কারণে রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তিনি অভিযোগ করেছেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


