জনশক্তি রপ্তানি খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বৈদেশিক বাণিজ্যে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্য নিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সিস (বায়রা) সম্মিলিত সমন্বয় ফ্রন্ট (দক্ষিণ)’র উদ্যোগে রাজধানীতে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর, ২০২৫) সন্ধ্যায় বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়রার দুইবারের সাবেক সফল সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব এম এ এইচ সেলিম।
আলোচনার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় বক্তারা বৈদেশিক বাণিজ্যের সকল সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সাবেক সিনিয়র সহ-সভাপতি রিয়াজ-উল-ইসলাম প্রধান বক্তা এবং সাবেক যুগ্ন মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে সাবেক সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাবেক যুগ্ম মহাসচিব আকবর হোসেন মঞ্জুসহ বায়রার বিভিন্ন স্তরের নেতারা সভায় উপস্থিত ছিলেন।


