
“শীতের উষ্ণতা ছড়াতে, আসুন শীতার্তদের পাশে দাঁড়াই” এই স্লোগান নিয়ে বগুড়ার সান্তাহারে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট। তাদের উদ্যোগে সান্তাহার বি.পি উচ্চ বিদ্যালয় চত্বরে শীতবস্ত্র সংগ্রহের কার্যক্রম চলছে।
যুব রেড ক্রিসেন্টের সদস্যরা প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুল চত্বরে এই সংগ্রহ কাজ পরিচালনা করছেন। এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছেন সান্তাহার বি.পি উচ্চ বিদ্যালয়ের যুব রেড ক্রিসেন্টের দল নেতা রুহান আহমেদ সাদী, উপ-দল নেতা আদি, বিভাগীয় দল নেতা লাবিব সহ যুব সদস্যরা।
যুব রেড ক্রিসেন্টের দল নেতা রুহান আহমেদ সাদী এই প্রসঙ্গে বলেন, জনসাধারণের কাছে তাদের অপ্রয়োজনীয় কিন্তু ব্যবহার উপযোগী উষ্ণ কাপড় সংগ্রহ কেন্দ্রে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, “আপনার দেওয়া একটি শীতবস্ত্র কারো জন্য হতে পারে জীবনের উষ্ণতা।” এই কার্যক্রমের মাধ্যমে সংগৃহীত শীতবস্ত্রগুলো শীতার্ত ও দুস্থদের মাঝে বিতরণ করা হবে।


