বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, তরুণ সমাজ বিএনপির ৩১ দফার সফল বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে থাকবে।
তিনি আজ দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কালির বাজার কলেজে “মাদক মুক্ত সমাজ গড়তে ছাত্রসমাজ ও যুবসমাজের করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। এসময় তিনি মাদককে সমাজের ক্যান্সার হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে ছাত্রসমাজকে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
কলেজের অধ্যক্ষ হাফিজ আল মামুনের সভাপতিত্বে সভায় উপজেলা ও পৌর বিএনপির সাবেক নেতা, মহিলা নেত্রী এবং ছাত্রদল নেতারাও বক্তব্য রাখেন। পরে লায়ন হারুনুর রশিদ পোয়া আজিজিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীদের সাথেও মাদক মুক্ত সমাজ গড়ার বিষয়ে অনুরূপ মতবিনিময় সভা করেন।


