
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনের ভোটারদের জন্য বিশেষ ডিজিটাল সুবিধা চালু করেছে বিএনপি। এখন থেকে এই আসনের ভোটাররা ভোটকেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি এড়াতে ঘরে বসেই অনলাইনে নিজেদের ‘ভোটার স্লিপ’ সংগ্রহ করতে পারবেন।
ভোটদান প্রক্রিয়া সহজ করতে ‘সবার ঢাকা-১৭’ (https://shobardhaka17.com/voter-slip) নামক একটি ডেডিকেটেড ওয়েবসাইট চালু করা হয়েছে। ভোটাররা সাইটটিতে প্রবেশ করে নিজের জন্ম তারিখ, এলাকা ও ওয়ার্ড নম্বর প্রদান করলেই ভোটার নম্বর ও কেন্দ্র সংক্রান্ত তথ্য সংবলিত স্লিপ পেয়ে যাবেন। এই স্লিপটি সরাসরি ডাউনলোড, প্রিন্ট কিংবা মোবাইল নম্বরে এসএমএস হিসেবে নেওয়ারও সুযোগ রয়েছে।
উদ্যোক্তারা জানিয়েছেন, গণতান্ত্রিক উৎসবে ভোটারদের অংশগ্রহণ স্বাচ্ছন্দ্যময় করতেই এই আধুনিক ব্যবস্থা। নির্বাচনি প্রচারণার পাশাপাশি এই ডিজিটাল উদ্ভাবন ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ঢাকা-১৭ আসনের সকল নাগরিককে এই অনলাইন সুবিধা ব্যবহার করে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।


