
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শফিকুল ইসলাম খান। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বা নতুন করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্ত এই প্রশাসক সিটি করপোরেশনের মেয়রের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও প্রশাসনিক দায়িত্ব পালন করার এখতিয়ার পাবেন।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। নবনিযুক্ত প্রশাসক বিধি মোতাবেক নির্ধারিত সুযোগ-সুবিধা ও ভাতা প্রাপ্ত হবেন। ঢাকা উত্তর সিটির দৈনন্দিন নাগরিক সেবা সচল রাখতে এবং প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতেই সরকারের এই সিদ্ধান্ত।


