কর্মজীবী মায়েদের মাতৃত্বকালীন সহায়তা কর্মসূচিতে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫ লাভ করেছে রবি আজিয়াটা পিএলসি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর, ২০২৫) ঢাকায় এফআইসিসিআই আয়োজিত অনুষ্ঠানে রবির মাতৃত্ব সহায়তা কর্মসূচি ‘ব্লুম’-কে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তির (ডিইআই) ক্ষেত্রে ‘এক্সেলেন্স ইন ডিইআই’ ক্যাটেগরিতে পুরস্কৃত করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন রবির চিফ পিপল অফিসার মুহাম্মদ শোয়েব বেগ।
২০২৪ সালের ১ অক্টোবর চালু হওয়া ‘ব্লুম’ কর্মসূচির লক্ষ্য হলো মাতৃত্বকালীন সময়কে সহজ ও সহায়ক করে তোলার পাশাপাশি মায়েদের পেশাগত অগ্রগতি যেন বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করা। এই উদ্যোগের মাধ্যমে রবি কর্মজীবী মায়েদের প্রতি তাদের দৃঢ় অঙ্গীকারের বাস্তব প্রতিফলন দেখিয়েছে, যেখানে মাতৃত্বকে আর পেশাগত অগ্রগতির প্রতিবন্ধকতা হিসেবে দেখা হচ্ছে না।

