বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এবং সৌদি আরবের ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’-এর সহায়তায় দেশের ৬০ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় ৪২ হাজার রোহিঙ্গা পরিবার এবং কক্সবাজারের হোস্ট কমিউনিটির ১৮ হাজার পরিবার ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ লিটার তেলসহ প্রয়োজনীয় খাদ্য উপকরণ পাবে।
গত ২ মার্চ ২০২৬, সোমবার ঢাকায় সৌদি দূতাবাসে এই কর্মসূচির উদ্বোধন করেন উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আলাহমারি। অনুষ্ঠানে কিং সালমান সেন্টারের প্রতিনিধি আবদুল রহমান আল-মুতাইরী এবং আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন উপস্থিত ছিলেন। গত ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত রাজধানীর মহাখালী, মিরপুর, মোহাম্মদপুর ও রায়েরবাজার এলাকায় কয়েক হাজার পরিবারের মাঝে খাবার প্যাকেট বিতরণ করা হয়।
সৌদি উপ-রাষ্ট্রদূত জানান, বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে বাংলাদেশে পঞ্চমবারের মতো এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এস এম নাজের হোসাইন এই মানবিক সহায়তার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পবিত্র রমজানে এই খাদ্য সহায়তা সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখবে।


