মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত চিফ হুইপ মো. নূরুল ইসলাম এবং অন্যান্য হুইপবৃন্দ। রবিবার (৮ মার্চ) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা এই শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে চিফ হুইপ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। শ্রদ্ধা নিবেদনকারী ৬ জন হুইপ হলেন— মো. জি কে গউছ, রকিবুল ইসলাম মিয়া, নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া এবং এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজাম)।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, “দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের পর বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারের আলোকে আমরা জনগণের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া সংসদ হবে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক।”
এ সময় নবনিযুক্ত হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাংবাদিকদের বলেন, “নতুন এই পথচলায় আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে জবাবদিহিমূলক একটি সংসদ উপহার দেওয়া। দেশের মানুষ অনেক ত্যাগের বিনিময়ে এই বিজয় অর্জন করেছে। আমরা জনগণের ম্যান্ডেটকে সম্মান জানিয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আইনসভায় বলিষ্ঠ ভূমিকা রাখব। কোনো প্রকার প্রতিহিংসা নয়, বরং জাতীয় ঐক্য ও উন্নয়নের রাজনীতিই হবে আমাদের অগ্রাধিকার।”


