
কুমিল্লার হোমনা উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের সরকারি হাসপাতালের পশ্চিম পাশের গুরুত্বপূর্ণ সড়কটি সন্ধ্যা হলেই ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যাচ্ছে। দীর্ঘদিন ধরে সড়কবাতির অভাব ও পুরনো বাতিগুলো নষ্ট থাকায় রাতের বেলায় এই পথ দিয়ে চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
সরকারি হাসপাতালের প্রধান সংযোগ সড়ক হওয়ায় প্রতিদিন অসংখ্য রোগী, স্বজন, পথচারী ও যানবাহন এই পথ দিয়ে যাতায়াত করে। কিন্তু পর্যাপ্ত আলো না থাকায় রাতের বেলা চুরি, ছিনতাই ও দুর্ঘটনার ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে জরুরি রোগী বহনকারী যানবাহন, নারী ও বয়স্কদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
রাস্তার বিভিন্ন স্থানে খানাখন্দ থাকলেও অন্ধকারের কারণে তা চোখে পড়ে না। জনস্বার্থে এই অন্ধকার দূর করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সড়কটিতে দ্রুত পর্যাপ্ত নতুন স্ট্রিটলাইট স্থাপন ও নষ্ট বাতিগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

