
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদক। প্রকাশ্যেই মাদক বিক্রি ও সেবনের কারণে প্রতিনিয়ত বাড়ছে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ।
অনুসন্ধানে জানা গেছে, সান্তাহার পৌর শহরের চা-বাগান, হরিজন কলোনী ও শান্তিনগরসহ অন্তত ২০টি স্পটে প্রকাশ্যে ইয়াবা, হেরোইন, ফেনসিডিল ও গাঁজা বিক্রি হচ্ছে। প্রায় ১০-১৫ জন বড় ডিলারের মাধ্যমে ট্রেন ও বাসযোগে এখানে মাদক ঢুকছে। তালিকাভুক্ত অনেক ব্যবসায়ী গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আবারও একই কারবার শুরু করছে। মাদকসেবীরা টাকার জোগাড় করতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় ধ্বংসের মুখে পড়ছে তরুণ সমাজ।
সহকারী পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) আসিফ হোসেন ও আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। মাদক কারবারি যেই হোক, তাকে আইনের আওতায় আনতে পুলিশের কঠোর অভিযান অব্যাহত রয়েছে।

