কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর-রামচন্দ্রপুর সড়কে অবস্থিত দেশের প্রথম ওয়াই (Y) সেতুর নিচের অংশে তীব্র জলাবদ্ধতা তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের ওপর হাঁটুসমান পানি জমে থাকায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের এই অংশটি নিচু হওয়ায় আশপাশের সব পানি এখানে এসে জমা হয়। একসময় ভূগর্ভস্থ পাইপের মাধ্যমে নদীতে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে তা পলিথিন ও আবর্জনায় বন্ধ হয়ে গেছে। ফলে পানি সরতে না পেরে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন পানি জমে থাকায় সড়কের কার্পেটিং নষ্ট হয়ে বড় গর্ত তৈরি হচ্ছে এবং ব্যাহত হচ্ছে যান চলাচল। বর্ষা শেষ হওয়ার অপেক্ষা না করে দ্রুত নিষ্কাশন লাইন পরিষ্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং সড়কের নিচু অংশ উঁচু করে এই সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

