ডেঙ্গুর বিস্তার রোধে রাজধানীর ২৬ নম্বর ওয়ার্ডের কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বিএনপি। কর্মসূচিতে এলাকার বিভিন্ন সড়ক, ড্রেন ও আশপাশে মশক নিধনের ওষুধ ছিটানো হয়।
তেজগাঁও থানা বিএনপি নেতা কামাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, “জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে আমরা রাজপথে নেমেছি। ডেঙ্গুমুক্ত শহর গড়তে পরিচ্ছন্নতার বিকল্প নেই।”
সভাপতির বক্তব্যে কামাল মাহমুদ বলেন, “কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকাকে ডেঙ্গুমুক্ত রাখতে এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। বাসাবাড়ির জমে থাকা পানি অপসারণে সবাইকে সচেতন হতে হবে।”
কর্মসূচিতে তেজগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী, তরিকুল ইসলাম বাহালুল, মুজাহিদ রহমান, জালাল মোল্লা ও মাহবুবুল ইসলাম রাজনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
