
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানো ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান জানান, মশার ওষুধ ছিটানোয় গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই দুই কর্মী ও মশক বিস্তারকারীকে বহিষ্কার করা হয়েছে।
তিনি জানান, এডিস মশার বিস্তার রোধে ১০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত যেসব স্থানে জমে থাকা পানিতে এডিসের লার্ভা পাচ্ছে, তা ধ্বংসের পাশাপাশি জরিমানা করছে। এছাড়া ফুটপাত অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানও পরিচালনা করা হচ্ছে।
প্রশাসক স্পষ্ট করেন যে, ভবিষ্যতে অবহেলার ক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে এককভাবে সবকিছু তদারকি সম্ভব নয় উল্লেখ করে ডেঙ্গু নিয়ন্ত্রণে তিনি নগরবাসীর সক্রিয় সহযোগিতা কামনা করেন।
