
পুরনো কূপগুলোতে নতুন করে ওয়ার্কওভার কর্মসূচির ধারাবাহিক সফলতায় এবার সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন কৈলাশটিলা গ্যাসফিল্ডের ১ নম্বর কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এই কূপ থেকে প্রতিদিন ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানা গেছে।
প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, কিছু কাজ বাকি আছে, যা শেষ হলে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন। দুই থেকে তিন দিনের মধ্যে এই গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হতে পারে।
সিলেট গ্যাসফিল্ড সূত্রে জানা গেছে, ২০২৩ সাল থেকে শুরু হওয়া ওয়ার্কওভার কর্মসূচির আওতায় ইতোমধ্যে কৈলাশটিলা-১ সহ মোট ৭টি কূপের কাজ সম্পন্ন হয়েছে এবং সব ক’টিতেই গ্যাসের মজুদ পাওয়া গেছে। এর আগে রশিদপুরের ৩ নম্বর কূপ থেকেও দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে যুক্ত হয়েছিল। বর্তমানে সিলেটের কূপগুলো থেকে প্রতিদিন গড়ে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে।


