
দেশের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির চলমান প্রচেষ্টার অংশ হিসেবে চট্টগ্রামের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান এস.এ. গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর সঙ্গে করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক।
সম্প্রতি চট্টগ্রামে এস.এ. গ্রুপের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় বাংলালিংক এস.এ. গ্রুপকে করপোরেট কানেক্টিভিটি, ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম এবং ফিল্ড ফোর্স লোকেটর সার্ভিসসহ একাধিক অত্যাধুনিক ব্যবসায়িক সমাধান দেবে। বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেসের লার্জ করপোরেট ডিরেক্টর রুবাইয়াত আলম তানজীন বলেন, এই ডিজিটাল সমাধানগুলো এস.এ. গ্রুপের ব্যবসায়িক কার্যক্রমে উৎকর্ষ অর্জন ও ডিজিটাল রূপান্তরে সহায়তা করবে।
এস.এ. গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে তারা তাদের ক্রেতাদের জন্য ঝামেলাহীন ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করতে এবং গ্রাহকের প্রয়োজনে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে চান। এই চুক্তি দুই প্রতিষ্ঠানের প্রবৃদ্ধিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।


