
বায়োপিক ‘এথা’-এর শুটিং সেটে আহত হয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ভারতের এক সংবাদমাধ্যম জানিয়েছে, মহারাষ্ট্রের জনপ্রিয় তামাশা শিল্পী বীথাবাঈ ভাউ মাং নারায়ণগাঁওকারের চরিত্রে অভিনয়ের জন্য ‘লাবণী’ স্টাইলে নাচতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
গত সপ্তাহে ক্যামেরার সামনে নাচতে গিয়ে শারীরিক ভারসাম্য হারিয়ে পড়ে যান শ্রদ্ধা, ফলে তার বাঁ পায়ের আঙুল ভেঙে যায়। ভারি শাড়ি ও গয়না পরে দ্রুত লয়ে নাচতে গিয়েই এই বিপত্তি ঘটে। শ্রদ্ধার আহত হওয়ার খবরে সঙ্গে সঙ্গেই ছবির পরিচালক লক্ষ্মণ উতরেকর শুটিং বন্ধ করে দেন। তবে অভিনেত্রী এখনো বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।


