
দেশের গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতা আরও উন্নত করতে আবারও হুয়াওয়ের সাথে কৌশলগত বিনিয়োগে যুক্ত হয়েছে বাংলালিংক। ‘কাস্টমার-ফার্স্ট’ প্রতিশ্রুতি নিয়ে এই উদ্যোগের ফলে দেশজুড়ে ডিজিটাল সেবার বৈচিত্র্য বৃদ্ধি পাবে এবং ঘরের ভেতরে নেটওয়ার্ক আরও শক্তিশালী ও স্বাচ্ছন্দ্যদায়ক হবে।
এই অংশীদারিত্বের অধীনে, বাংলালিংক অত্যাধুনিক জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির মাধ্যমে ঢাকার গুরুত্বপূর্ণ সাইটগুলোর আধুনিকায়ন করবে। এর লক্ষ্য উন্নত নেটওয়ার্ক কাভারেজ প্রদান এবং ভবিষ্যতে বরাদ্দকৃত তরঙ্গের পূর্ণ সম্ভাবনা উন্মোচন করা।
বাংলালিংকের প্রধান নির্বাহী ইওহান বুসে বলেন, “আমাদের লক্ষ্য হলো মাইবিএল, টফি ও রাইজের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতা সমৃদ্ধ করা। হুয়াওয়ের সাথে কৌশলগত বিনিয়োগ এই লক্ষ্যের ভিত্তি শক্তিশালী করতে ভূমিকা রাখবে।”
হুয়াওয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী জেসন উ এই চুক্তিকে দুই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। এর মাধ্যমে স্মার্ট ও এআই প্রযুক্তিনির্ভর সেবার ব্যবহার আরও কার্যকরী হবে বলে আশা করা হচ্ছে।


