
বাগেরহাটের রামপালে ধানের শীষ প্রতীকের বিশাল প্রচারণা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রামপালের বাইনতলায় ‘কুমলাই বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়’ মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে এই সমাবেশটি আয়োজিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে এবং ধানের শীষের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি করাই এই সমাবেশের মূল উদ্দেশ্য। তিনি জনগণের উদ্দেশে বলেন, “আমি সার্বক্ষণিক এ জনপদের মানুষের সাথে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো।”
এ সমাবেশে অন্যান্যের মধ্যে রামপাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়ালসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


