জনগণের ভাগ্যোন্নয়নে বিএনপি সরকার বদ্ধপরিকর এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শুক্রবার (২৭ মার্চ) ময়মনসিংহের নান্দাইল উপজেলায় প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে চারটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও খাল পুনঃখনন কর্মসূচির মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে বিএনপি জনগণের সেবায় নিয়োজিত। সারা দেশের ন্যায় নান্দাইলেও ৬০টি গুরুত্বপূর্ণ রাস্তা ও সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।” এদিন তিনি মোয়াজ্জেমপুর-দত্তপুরসহ তিনটি সড়ক সংস্কার এবং পশ্চিম দেউলডাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাস এবং উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোসহ সব চাহিদার তালিকা করা হয়েছে এবং পর্যায়ক্রমে সব উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।


