
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমাদানের সময় শেখ ফরিদুল ইসলামের সাথে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল পাটোয়ারী হালিম। এছাড়াও মোংলা উপজেলা বিএনপির সভাপতি মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি এবং মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানিকসহ স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে শেখ ফরিদুল ইসলাম বলেন, দীর্ঘ সময় পর দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে। মোংলা ও রামপাল এলাকার উন্নয়নের পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে রায় দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই উপলক্ষে মোংলা ও রামপাল এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।


