
তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় অবস্থানরত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে-এর উপস্থিতিতে বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ ও টেলিযোগাযোগ সেবা বাণিজ্য সংক্রান্ত এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।
প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকের আগে দুই নেতা একান্ত আলাপে অংশ নেন। স্বাস্থ্য সংক্রান্ত চুক্তিতে স্বাস্থ্য বিভাগের সচিব মো. সাইদুর রহমান এবং ইন্টারনেট সংযোগ সংক্রান্ত চুক্তিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান স্বাক্ষর করেন।
এর আগে শনিবার সকালে ঢাকায় পৌঁছালে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় শেরিং টোবগে গত শুক্রবারের (২১ নভেম্বর) ভূমিকম্পে নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি শোক প্রকাশ করেন। তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
সফরের প্রথম দিনে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং একটি গাছের চারা রোপণ করেন। দুপুরে তিনি পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করেন।


