
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধিত অনলাইন গণমাধ্যম মালিকদের সংগঠন অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ওনাব)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল মজুমদার। নতুন সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হুদা রনো। বাংলাদেশ গ্লোবালের সম্পাদক ও প্রকাশক আশরাফুল কবির আসিফ নতুন কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ওনাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় সংগঠনের এডহক কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন: সিনিয়র সহসভাপতি আলিমুজ্জামান হারুন, সহসভাপতি লতিফুল বারী হামিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সজীব, কোষাধ্যক্ষ অয়ন আহমেদ, সদস্য শাহীন চৌধুরী, তৌহিদুল ইসলাম মিন্টু, দেলোয়ার হোসেন, রফিকুল বাসার, মাহবুবা ইসলাম কাকলী এবং সৈয়দ আরিফুজ্জামান।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মোস্তফা কামাল মজুমদার। সঞ্চালনা করেন সদস্য সচিব শাহীন চৌধুরী। সভার শুরুতে সংগঠনের সদস্য ও বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ওনাবের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকরী করার জন্য বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন সংগঠনের সদস্যরা।
সভায় প্রতি বছর অনলাইন নিউজপোর্টালের নিবন্ধন নবায়নের নিয়ম বাতিল এবং সরকারি বিজ্ঞাপনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। এ সময় সদস্যদের দাবি-দাওয়া বাস্তবায়নে অবিলম্বে তথ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং তথ্য সচিবের সঙ্গে বৈঠক আয়োজনের প্রস্তাব করা হয়।
