বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত “গ্রীন ঢাকা ক্লিন ঢাকা” ও বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজধানীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। সোমবার (৬ জুলাই) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ১ নং সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিনের নেতৃত্বে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে কাদেরাবাদ হাউজিং খাল পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং খালের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এতে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, এমজি মাসুম রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফখরুল ইসলাম রবিন বলেন, দেশনায়ক তারেক রহমানের উন্নয়নমূলক কর্মকাণ্ড সফল করতে সারা দেশের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। সব অপশক্তি প্রতিহত করে তাঁর নেতৃত্বে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।

