গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে গোপালগঞ্জ লেকপাড়ে নির্মিতব্য জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
এদিন সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ২০২৪ সালের জুলাইয়ে সংগঠিত আওয়ামী ফ্যাসিবাদী শাসনের তীব্র সমালোচনা করেন। একই সাথে শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধসহ জুলাই বিপ্লবের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আন্দোলনে আহতদের বীরত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়। এসব কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

