
রাজধানীর খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ প্রোগ্রাম ২০২৬। সোমবার সকালে আয়োজিত এ জনকল্যাণমূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশীদ হাবিব, এমপি (ঢাকা-৯)।
হেরাল্ড ওপেন, গোল্ডেন টাই এবং ৩৫ রেসকিউ ওপেন স্কাউট গ্রুপের যৌথ উদ্যোগে মানবিক ও পরিবেশবান্ধব এই বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিবের প্রত্যক্ষ উপস্থিতিতে প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা প্রদান করা হয়। এর পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরা এবং সবুজ রাজধানী গড়ে তোলার লক্ষ্যে স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। একই সাথে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে নানা জাতের ফলের ও পরিবেশবান্ধব চারাগাছ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব তরুণ প্রজন্ম ও স্কাউটদের এমন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানো অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। আগামী দিনেও এমন জনকল্যাণমূলক উদ্যোগে সার্বিক সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

